রংপুরে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত
রংপুর শহরে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, শহরের নাসিরাবাদ এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুন্নবী (৩৫) রংপুর সদর উপজেলার সদ্য পুষ্কুরুণী ইউনিয়নের পালিচড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
বাড়ির মালিক আজিজার রহমান অন্য শ্রমিকদের বরাতে বলেন, “নুরুন্নবী ও আবু তালেসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। অন্য শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, নুরুন্নবী পা ফসকে চারতলা থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ ঘটনায় নিহত নূরুন্নবীর বাবা আমজাদ হোসেনের কোনো অভিযোগ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নূরুন্নবীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। সে অন্যদিনের মতোই অন্যদের সঙ্গে কাজে গেছিল। এখানে অন্য কোনো ঘটনা আছে বলে জানা নেই।”
কেউ কোনো অভিযোগ করেনি জানিয়ে পরিদর্শক আজিজুল বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
