২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ধানকাটা নিয়ে সংঘর্ষে উপজেলায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন; আহত হন আট জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 06:02 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

উপজেলার গুনবহা ইউনিয়নের গুরদিয়ায় বুধবার এ সংঘর্ষ হয় বলে বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান জানান।

নিহত শামসুল আলম বোয়ালমারী উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।

আহতদের মধ্যে টিটো (৩৫), হেমায়েত (২৯), ইলিয়াস (৩৫), শাহজাহান (৪২) ও ওমর আলীকে (২০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকিরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি মিজানুর জানান, একই পরিবারের স্বজনদের মধ্যে ধানকাটা নিয়ে আগে থেকে দ্বন্দ ছিল।

তিনি বলেন, খলিল মোল্লার চাচাত ভাই হলেন ইলিয়াস মোল্লা। ইলিয়াস মোল্লার লোকজন খলিল মোল্লার ভাই কুদুসের ধান কেটে নিয়ে গিয়েছে আগে।

“এই ঘটনায় বুধবার সকালে শামসুল আলমসহ কয়েকজন ইলিয়াসের বাড়ি গিয়ে ধান কাটার কারণ জানতে চাইলে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে।”

ওসি জানান, এ সময় ধারালো অস্ত্রের আঘাতে শামসু গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক স্বপন কুমার জানান, শামসুল আলমকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

“তার পেটে ডান পাশে গুরুতর জখম থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

গুনবহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, জমি-জমা নিয়ে একই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দুপক্ষের সংঘর্ষ হয়।