২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় রোহিঙ্গা সন্দেহে এক নারী আটক

গাইবান্ধার সাঘাটায় একে নারীকে আটক করা হয়েছে; যিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 05:58 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সকালে উপজেলার বোনারপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

“আটক সাবেত্রী সিং (৫৫) মিয়ানমারের রাখাইন রাজ্যের মোহন সিংয়ের স্ত্রী বলে পুলিশকে জানিয়েছেন। তার ভাষা বোঝা যাচ্ছে না।” 

পরিদর্শক মোস্তাফিজুর বলেন, সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন তাকে বোনারপাড়া বাজারে দেখলে বিষয়টি থানায় জানান। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।  

“তিনি বিভিন্ন ট্রেনে ভিক্ষা করতে করতে গাইবান্ধার বোনারপাড়ায় এসে পৌঁছান বলে পুলিশকে জানিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোহিঙ্গা প্রমাণিত হলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।”

অগাস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান ও নির্যাতনের কারণে প্রায় ছয় লাখ রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের মধ্যে কয়েকশ হিন্দুও রয়েছে।