২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কলেজছাত্র খুনে ৯ জনের ফাঁসির রায়

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র শাহাদাত হোসেন সোহাগকে খুনের দায়ে নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 02:33 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভুঁইয়া বুধবার সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অন্য একটি ধারায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, আরও একটি ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

তারা হলেন - উত্তর ছায়াবীথি এলাকার নাজমুল হকের ছেলে জহিরুল ইসলাম ওরফে জাকির হোসেন ওরফে জন্টু, বিলাসপুর এলাকার বাবুল মিয়ার ছেলে জুয়েল, শেরপুরের ঝিনাইগাতী থানার বাঘেরভিটা এলাকার বাক্কা মিয়ার ছেলে বাক্কা সুমন, দক্ষিণ ছায়াবীথি এলাকার মো. আবদুল মালেকের ছেলে তৌহিদুল ইসলাম ওরফে প্রিতম ওরফে প্রিতু ওরফে ইতু, রথখোলা এলাকার সিদ্দিকের ছেলে আরিফ।

পলাতক চারজন হলেন - গাজীপুর জেলা শহরের নিয়ামত সড়ক এলাকার শামসুল হকের ছেলে সেলিম ও একই এলাকার আব্দুল সোবাহানের ছেলে আসাদুল ইসলাম, সামন্তপুর এলাকার লেহাজ উদ্দিনের ছেলে মো. হানিফ ও উত্তরবিলাসপুর এলাকার আইয়ুর আলীর ছেলে রিপন আহমেদ জুয়েল।

আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান জানান, গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শাহাদাত হোসেন সোহাগকে (২২) ২০১০ সালের ৮ জানুয়ারি বন্ধু বিহন কায়সার ফোন করে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে আসতে বলে।

“সোহগ তার বন্ধু নাহিদকে সঙ্গে নিয়ে ওই মাঠে গিয়ে কায়সার, তার স্ত্রী আঁখি, হানিফ ও অন্য আসামিদের দেখতে পান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে আসামিরা ছুরি, কিরিচ, ক্রিকেটের স্ট্যাম্প নিয়ে সোহাগ ও নাহিদের ওপর হামলা চালায়।”

পরে তাকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহাগের পালক বাবা আবুল হাসেম সুফি জয়দেবপুর থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান অতিরিক্ত পিপি আতাউর রহমান।