২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ অনুপ্রবেশ; বেনাপোল সীমান্তে ১৭ জন আটক  

অবৈধভাবে পারাপারে সময় পৃথক অভিযান চালিয়ে যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই ভারতীয় নাগারিকসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 01:28 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বুধবার ভোরে বেনাপোলের সাদিপুর বেলতলা এবং মঙ্গলবার রাতে গাতিপাড়া সীমান্তের আবু শ্যামার মোড় থেকে তাদের আটক করা হয়।

তবে ওই সময় দালালদের কাউকে আটক করা যায়নি।

আটকৃতদের মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও তিন শিশু রয়েছে। তাদের মধ্যে দুই পুরুষের বাড়ি ভারতে; বাকিদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরিফুল বলেন, দালালরা অবৈধ পথে ভারত থেকে একদল নারী ও পুরুষকে বাংলাদেশে পাচার করছে এমন খবর পেয়ে বুধবার সকালে সাদিপুর সীমান্তে বিজিবির টহলদল অভিযান চালায়।  

“সেখান থেকে দুই ভারতীয়সহ পাঁচজনকে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে বিভিন্ন এলাকায় কাজ করতেন।”

এদিকে গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১২জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে আরিফুল জানান।

“ভালো কাজের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা তাদের ভারতে পাচার করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা তাদের আটক করে।”

আটকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এ বিজিবি কর্মকর্তা জানান।

বেনাপোল পোর্ট থানায় থানার ওসি অপূর্ব হাসান বলেন, এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে।