টঙ্গীতে ডাকাতের হামলায় আহত ৩
গাজীপুরের টঙ্গীতে ডাকাতদের হামলায় ভাই-বোনসহ তিনজন আহত হয়েছে।
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, হোসেন মার্কেট এলাকার মো. মনিরুজ্জামান ও তার ভাই মোয়াজ্জেম হোসেনের বাড়িতে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মনিরুজ্জামানের ছেলে নাবিল (১৭), মেয়ে মাহদিয়া (১০) ও গৃহপরিচারিকা নার্গিস (১৫)।
মনিরুজ্জামান বলেন, রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার বড়ভাই মোয়াজ্জেম হোসেনের খোঁজ নিতে এসে এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা ১৪/১৫ জন ‘ডাকাত’ কৌঁশলে বাড়ির ভেতর ঢুকে পড়ে।
“তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে মারধর শুরু করে। এ সময় আমার ছেলে নাবিল ও ভাই মোয়াজ্জেম হোসেন বাসায় ঢুকলে ডাকাতরা তাদেরও মারধর করে; পরে সবাইকে একটি ঘরে নিয়ে আটকে রাখে।”
তিনি বলেন,“ ডাকাতরা আমার ঘরের আলমারির তালা ভেঙ্গে সাড়ে তিন লাখ টাকা ও ৪৫ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে ভাই মোয়াজ্জেমের ঘরে গিয়ে আলমারির তালা ভেঙ্গে দুই লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণাংলকার লুট করে পালিয়ে যায়।”
ওসি ফিরোজ বলেন, “স্থানীয় রেজাউল করিম নামে এক ব্যক্তির কাছ থেকে মনিরুল ও মোয়াজ্জেম কিছু জমি কেনেন। কিন্তু কেনা জমির দখল নিয়ে রেজাউলের সঙ্গে মনিরুজ্জামান ও মোয়াজ্জেমের বিরোধ চলছিল।
“রেজাউলের আত্মীয় ডলার খান নামে এক ব্যক্তি গত শনিবার মনিরুজ্জামানের ভাই সিঙ্গাপুর প্রবাসী মফিজ উদ্দিনকে মোবাইলে ফোন করে দেশে তার ভাইদের ‘দেখে নেওয়ার’ হুমকিও দেয়।”
পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
