ব্রাহ্মণবাড়িয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় লাশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের ভিটিকালিসিমা গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
ওসি আরশাদ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
হাত-পা বাঁধা থাকায় হত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে পচন ধরে যাওয়ায় হত্যাকাণ্ড হয়ে থাকলেও তার কোনো আলামত উদ্ধার পাওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
