২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিন পানি নেই গোপালগঞ্জ সদর হাসপাতালে

পাম্পে পানি না ওঠায় গোপালগঞ্জ সদর হাসপাতালে তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

মনোজ সাহা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2017, 05:46 PM

Updated : 11 Oct 2022, 02:37 PM

গত মঙ্গলবার থেকে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, বক্ষব্যাধি ক্লিনিক ও হাসপাতাল কোয়ার্টারে পানি সরবরাহ করা যাচ্ছে না।

ফলে চরম দুর্ভোগে পড়েছে হাসপাতালের রোগী, স্বজন, কোয়ার্টারে বসবাসকারী চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিটিউটের শিক্ষার্থীরা।

২৫০ শয্যার এ হাসপাতালে রোগী ও তাদের স্বজনসহ সহস্রাধিক মানুষ অবস্থান করছেন। আর হাসপাতাল কোয়ার্টারে ৩০০ পরিবার ছাড়াও মেডিকেল কলেজ, হোস্টেল, বক্ষব্যাধি ক্লিনিক ও নার্সিং ইনস্টিটিউটে আরও এক হাজার মানুষ কর্মরত রয়েছেন।

সদর হাসপাতালের পাম্পচালক তরিকুল ইসলাম চৌধুরী বলেন, ৩০ বছর আগে এ হাসপাতালে ৫০ বেড ছিল। তখন এ পানির পাম্প স্থাপন করা হয়। ওই সময় এখান থেকে শুধু হাসপাতাল ও বক্ষব্যাধি ক্লিনিকে পানি সরবরাহ করা হত।

“পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ পাইপ দিয়ে পানি উঠছে না। পাম্প হাউসের গভীর নলকূপে আরও পাইপ যোগ করে পানি সরবরাহ সচল করতে কয়েক দিন সময় লাগবে।”

বিকল্প ব্যবস্থায় শুধু হাসপাতালে পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

রোগী আনোয়ার উদ্দিন (৫০) বলেন, “চিকিৎসা পেয়ে বেশ সুস্থ হয়েছি। কিন্তু পfনির কষ্টে প্রাণ যাওয়ার মতো অবস্থা।”

আরেক রোগী বাসুদেব মণ্ডল বলেন, “পানি নেই তিনদিন ধরে। বাইরে থেকে খাবার পানি কিনে এনে খাচ্ছি। টয়লেট, বাসন ধোয়াসহ অন্যান্য কাজে ব্যবহারের পানি পাচ্ছি না।”

হাসাপাতালের মেডিকেল অফিসার আহম্মেদুল কবির বলেন, “আমাদের কোয়ার্টারে দুরবস্থা বিরাজ করছে। পানি নেই। পরিবার পরিজন নিয়ে পানির কষ্টে দুর্বিষহ দিন কাটছে।”

হাসপাতালের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, পানি সরবরাহ বন্ধ থাকায় হাসপাতাল ক্যাম্পাসে সবার অসুবিধা হচ্ছে। কষ্ট লাঘবে এখানে পৌরসভার গাড়িতে করে পানি সরবরাহ করা হচ্ছে।

“পুরো হাসপাতাল ক্যাম্পাসে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। এছাড়া বিকল্প পথে হাসপাতালে পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।”