২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের নির্দেশে কবর থেকে স্কুলছাত্রের লাশ উত্তোলন

আদালতের নির্দেশে ২১ দিন পর পিরোজপুরের ইন্দুরকানীতে এক স্কুলছাত্রের লাশ তোলা হয়েছে কবর থেকে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 03:03 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাসের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রাম থেকে মেহেদী হাসানের লাশ উত্তোলন করা হয়।

মেহেদী (১৭) ওই এলাকার মো. রজিম হাওলাদারের ছেলে ও খুলনা রূপসা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাস জানান, খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আমিনুল ইসলাম গত ২৪ সেপ্টেম্বর এ নির্দেশ দেন। লাশ ময়নাতদন্তের জন্য তা পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেহেদীর মা পাঁপড়ি বেগম বলেন, গত ৩ সেপ্টেম্বর কোরবানী ঈদের পরদিন আকাশ নামে মেহেদীর এক বন্ধু তাকে দাওয়াত খেতে নিয়ে যায়। রাতে আকাশ তাদের জানায় যে, মেহেদী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

“মেহেদীকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। দশ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

তিনি বলেন, মেহেদী মারা যাওয়ার পর তিনি ও তার পরিবারের লোকজন জানতে পারনে যে মেহেদীকে ‘পরিকল্পিত ভাবে’ হত্যা করা হয়েছে। তাই তিনি গত ২১ সেপ্টেম্বর ১৩ জনকে আসামি করে খুলনা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা তদন্তের জন্য বিচারক লাশটি কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান পাঁপড়ি।