২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে প্রথম চাকরি মেলা

যশোরে শেখ হাসিনা আইসিটি পার্কে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে চাকরি মেলা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 02:26 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ মেলার উদ্বোধন করেন।

চাকরির আশায় সেখানে ভিড় করেছেন হাজার হাজার তরুণ-তরুণী। ভিড়ের কারণে চাকরি প্রার্থীরা কোনো প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিতে পারেননি। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নিয়ে এক স্থানে স্তূপ করে রাখছেন।

মেলায় ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। যশোর ছাড়াও সাতক্ষীরা, মুন্সীগঞ্জ, চুয়াডাঙ্গা থেকেও অনেকে এসেছেন মেলায়।

টেকনোলজি পার্কের ইনচার্জ প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ভাবতেই পারিনি এতো সংখ্যক চাকরি প্রার্থী আসবে।

জীবনবৃত্তান্তগুলো পুলিশ এক জায়গায় জড়ো করার বিষয়ে তিনি বলেন, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তা বাছাই করে নেবে।

পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, উদ্বোধনের অপেক্ষায় থাকা আইসিটি পার্কে এখন পর্যন্ত ৩৫টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। একটি প্রতিষ্ঠান কাজও শুরু করেছে।

“এ সব প্রতিষ্ঠান ও জাতীয় পর্যায়ের কয়েকটি প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীরকিশোর চৌধুরী, হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ।