২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা শিশুর দায়িত্ব নিল জেলা প্রশাসন

গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ১২ বছর বয়সী সেই মেয়েটির দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 09:00 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

সোমবার সকালে জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার শিশুটির বাড়িতে গিয়ে আইনী সহায়তা, চিকিৎসা, শিক্ষা ও ভরণ-পোষণসহ সব ধরনের দায়িত্ব নেওয়ার কথা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় এক মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী মেয়েটির বাবা রিকশা চালক ও মা পোশাক শ্রমিক। মাদ্রাসায় যাওয়া আসার পথে ভয়ভীতি দেখিয়ে একই এলাকার নুরু মিয়ার ছেলে আমান উল্লাহ (২৬) তাকে একাধিকবার ধর্ষণ করেন।

“ঘটনা ফাঁস করলে তাকে ও তার মা-বাবাকে মেরে ফেলার হুমকি দেওয়ায় মেয়েটি ধর্ষণের কথা জানায়নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখা দিলে ধর্ষণের কথা তার মাকে জানায়।”

পরে তার স্বাস্থ্য পরীক্ষায় অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণ ধরা পড়ে। বর্তমানে সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান ইউএনও।

তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সোমবার তাদের বাসায় গিয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মেয়েটির আল্ট্রাসনোগ্রাম, রক্ত, প্রস্রাব পরীক্ষাসহ যাবতীয় স্বাস্থ্য পরীক্ষার পর প্রয়োজনীয় ওষুধ কিনে দেওয়া হয়েছে।

“চিকিৎসকরা জানিয়েছেন আগামী ১৫ জানুয়ারী তার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ।”

জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন করিব বলেন, মেয়েটির এখন নিবিড় পরিচর্যা দরকার। এ জন্য শ্রীপুর ইউএনও এবং স্থানীয় তেলিহাটি ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে এ ব্যাপারে নজর রাখতে ও খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

“প্রসব পূর্ববর্তী ও পরবর্তীতে মা ও সন্তানের চিকিৎসা, শিক্ষাসহ ভরণপোষনের দায়িত্ব পালন করবে জেলা ও উপজেলা প্রশাসন।”

এ ব্যাপারে মেয়েটির মা মামলা করলেও ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই মো. এখলাছ উদ্দিন জানান, “আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। আশা করছি দুই/এক দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হব।”