ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে এসিড নিক্ষেপ
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।
উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মেরাশানি গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি মো. আলী আর্শাদ জানান।
দগ্ধ রুবিনা আক্তার (২৫) মেরাশানি গ্রামের সৌদিআরব প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শাহীন বলেন, রুবিনার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। তাকে হাসপাতালের সার্জারি কনসালটেন্টের কাছে স্থানান্তর করা হয়েছে।
রুবিনার ছোট ভাই শাহেদ আজমল বলেন, স্বামী প্রবাসে থাকায় বিয়ের পর থেকেই মেরাশানি গ্রামের ফরিদ মিয়ার ছেলে জুয়েল তার বোনকে উত্ত্যক্ত করতো। জুয়েলের জন্য রুবিনা তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর একাধিকবার বদলও করেছেন।
“রুবিনার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে রোববার রাত ১২টার দিকে জুয়েল তার সহযোগী আবু তাহের ও কাশেমকে নিয়ে ঘরের জানালা দিয়ে তার শরীরে এসিড নিক্ষেপ করে।”
ওসি আলী আর্শাদ বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
