শ্রীপুরে ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর পৌরসভায় টাকা ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন - পৌরসভার বৈরাগীরচালা গ্রামের আব্দুল হামিদের ছেলে জহির (২৮) ও সেলিম মিয়ার ছেলে মনিরুল হাসান (২৫)।
র্যাব ১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউল ইসলাম বলেন, মাদক কেনাবেচা হচ্ছে বলে গোপনে খবর পেয়ে জহিরের বাড়িতে অভিযান চালানো হয়।
“এ সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হলেও অপর একজন পালিয়ে গেছে। তাদের কাছ থেকে ৪৮৮টি ইয়াবা, ২৩ হাজার ৫২৭ টাকা ও দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।”
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।
