মৌলভীবাজারের যুবককে ভারতে ‘পিটিয়ে হত্যা’
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক যুবককে ভারতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, ইয়াছিন মিয়া (২৮) নামে এক ব্যক্তি শুক্রবার বিকালে ভারতে গিয়ে হত্যার শিকার হন।
ইয়াছিন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সঞ্জবপুর বেরীরপার গ্রামের ফেরন মিয়ার ছেলে বলে জানান চেয়ারম্যান।
তিনি বলেন, “ইয়াছিন ও তার বন্ধুরা সীমান্ত অতিক্রম করে ভারতের মূর্তিছড়ার কদমমোড়া গ্রামে গেলে সেখানকার লোহজন চোর সন্দেহে ধাওয়া করে। তার সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে ফিরে এলেও ভারতীয়রা ইয়াছিনকে পিটিয়ে হত্যা করে।”
শ্রীমঙ্গলের ৪৬ নম্বর বিজিবি কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জি এম খালেদ হায়দার ভারতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে জানিয়ে বলেন, এ বিষয়ে শনিবার দুপুরে কুলাউড়ার চাতলাপুর সীমান্তে বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে।
“বিএসএফ ভারতীয়দের হাতে বাংলাদেশি এক ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে। লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য কৈলাসহর থানায় নিয়ে গেছে বলে শুনেছি। লাশ ফেরত আনতে চেষ্টা করা হচ্ছে।”
