মাগুরার দুই কৃষকসহ বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বজ্রপাতে পাঁচ জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা এ কথা জানিয়েছেন।
মাগুরা
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দুপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন; আহত হয়েছে দুইজন।
নিহতরা হলেন- ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে ওলিয়ার (২৫) ও সরোয়ার হোসেনের ছেলে সুজন (২৬)।
চাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজার রহমান জানান, সোমবার বেলা ১টার দিকে ধানক্ষেতে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিল ওলিয়ার ও সুজন। এ সময় বজ্রপাতে দুজনই আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, একই সময় ওই গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে বজ্রপাতে আকিদুল ইসলাম (৫০) ও ইমরান হোসেন (৩০) নামে দুজন বজ্রপাতে আহত হন।
তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মজনু মিয়া ওই গ্রামের ছামছুল হকের ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘুড়িদহ গ্রামের জাদুরতাইর বিলে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান জামিল উদ্দিন মণ্ডল জানান।
ঝালকাঠি
ঝালকাঠির কাঁঠালিয়ায় সোমবার দুপুরে বজ্রপাতে নজরুল হাওলাদার(৪৫) নামে এক কৃষক মারা গেছেন।
নিহত সজরুল উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের প্রয়াত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
আওড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঠে কাজ শেষে বাড়ির পুকুরে গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়।
যশোর
যশোরের চৌগাছায় বজ্রপাতে টিপু সুলতান (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে।
নিহত টিপু সুলতান উপজেলার বুড়িন্দিদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
সোমবার বিকালে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে বলে উপজেলার পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ জানান।
বাগেরহাট
বাগেরহাটের রামপালে বজ্রপাতে ভূষণ পাল (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এসময় আরও তিন দিনমজুর আহত হয়েছেন
