এটা মিয়ানমারের পরোক্ষ আক্রমণ: মুহিত
মিয়ানমারের রাখাইন প্রদেশে দমন-পীড়নের ফলে দেশে রোহিঙ্গা শরণার্থী বেড়ে যাওয়াকে দেশটির পরোক্ষ আক্রমণ বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন,“হ্যাঁ, ইট ইজ অ্যান অ্যাটাক অন বাংলাদেশ। এটা বার্মার ইনডাইরেক্ট অ্যাটাক অন বাংলাদেশ। এবং এটা প্রতিহত করতে হবে।”
মিয়ানমার সরকারের এ আচরণের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, পুরো বিশ্বকেই তা চিন্তা করতে হবে বলে মন্তব্য করেন মুহিত।
অবশ্য এসব তার ব্যক্তিগত মতামত বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে যে নীতিমালা আছে সরকার সে অনুযায়ী কাজ করছে।
“রোহিঙ্গাদের জন্য যা কিছু করা দরকার, করছি। তাদের আশ্রয়ও দিচ্ছি এবং তাদের জন্য মিয়ানমারে একটা জোন করারও দাবি করছি।”
রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি নেতাদের আন্দোলনের হুমকির বিষয়ে মুহিত বলেন, “অন্য একটি দল (বিএনপি) কিছু করতে চায়, করুক। একটা পার্টি হিসেবে তাদের সিদ্ধান্ত। বিষয়টি সরকার যেভাবে মোকাবেলা করার সেভাবেই করবে।”
রাখাইনে সহিংসতার মুখে এ পর্যন্ত তিন লাখের মত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আশ্রয় নেওয়া নতুন ও পুরনো রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সেই সঙ্গে ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের এক জায়গায় নিয়ে এসে আশ্রয়ের ব্যবস্থা করতে একটি ডেটাবেইজও তৈরি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
গত ২৪ অগাস্ট রাতে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর থেকে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে চালানো হচ্ছে হত্যা আর ধ্বংসযজ্ঞ। যারা প্রাণে বেঁচে গেছেন, তারা ছুটে আসছেন বাংলাদেশ সীমান্তের দিকে।
দশকের পর দশক ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশে এই দফায় আরও তিন লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে ইতোমধ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
দমন অভিযানের মুখে ইতোমধ্যে পালিয়ে আসা প্রায় একশ রোহিঙ্গার লাশ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে ভেসে আসতে দেখা গেছে।
রোহিঙ্গাদের নিজেদের নাগরিক মানতে নারাজ মিয়ানমার সরকার এখনও তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের আহ্বানে কোনো সাড়া দেয়নি।
