২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘা-চারঘাটের সব রাস্তা পাকা করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী বছরের মধ্যে রাজশাহীর বাঘা ও চারঘাটের সব রাস্তা পাকা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2017, 10:39 PM

Updated : 19 Aug 2022, 05:31 PM

শুক্রবার বাঘা উপজেলার পীরগাছা মসজিদ থেকে ভায়া বটতলা পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন ও পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি। 

এ দুটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ‌

শাহরিয়ার আলম বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকার কাজ করছে।

“আগামী ২০১৮ সাল নাগাদ বাঘা-চারঘাটের অলি-গলি ও ভাঙ্গাচোরা রাস্তাসহ সকল রাস্তা পাকা  করা হবে যাতে জনগণকে আর দুর্ভোগ পোহাতে না হয়।”

বাঘা উপজেলার পীরগাছা  মসজিদ থেকে ঈদগাহ ভায়া বটতলা পর্যন্ত ৫০০ মিটার রাস্তা নির্মাণে প্রায় ২৮ লাখ টাকা এবং পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে ২৩ লাখ টাকা ব্যয় হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

অনুষ্ঠানে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  নাজমুল হক, চারঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।