গাজীপুরে পাল্টাপাল্টি হামলার অভিযোগ বিএনপি ও আ.লীগের
গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় বিএনপির সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিএপির অভিযোগ, তাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে।
অন্যদিকে সরকারসমর্থক সংগঠন দুটির অভিযোগ, তাদের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হামলা চালিয়েছে বিএনপি কর্মীরা।
জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আল রাসু অমিত বলেন, কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সোমবার বিকালে মোটর সাইকেলের বহর নিয়ে বক্তারপুর এলাকায় ঘুরে ঘুরে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছিলেন।
“সেখানে বিএনপি কর্মীরা তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে আমাদের ৮-১০ জন কর্মী আহত হন।”
আহতদের মধ্যে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি শাহ আলম শেখ, জামালপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান জুবায়ের, নাগরী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য নাঈম শেখ, জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সভা ডাকা হয়েছে বলে জানান অমিত।
অন্যদিকে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, সোমবার বিকালে বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জির বাড়িতে স্থানীয় বিএনপির ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান চলছিল।
ওই সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে সেখানে হামলা চালালে বিএনপির ৭-৮ জন আহত হন বলে অভিযোগ করেন তিনি।
মিলন বলেন, আহতদের মধ্যে মো.আমিনুল ইসলাম, রফিজুল ইসলাম কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.তরিকুল ইসলাম বলেন, বক্তারপুরে হামালার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীসহ ৮-১০ জন আহত হয়েছেন বলে তারা শুনেছেন।
এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
