কুষ্টিয়ায় দুই বাইকের সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, উপজেলার পারহাউজ এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - জেলার দৌলতপুরের রাজ্জাকের ছেলে রানা (২০) ও ভেড়ামারার মহিষাডোরা এলাকার আব্দুল জাব্বারের ছেলে মেহেদী (১৫)।
ওসি আমিনুল ইসলাম বলেন, মেহেদী ও রানা বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বেড়াতে যাচ্ছিলেন।
“পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা ঘটনাস্থলেই মারা যান। এ সময় পেছন থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা লেগে উল্টে গেলে এর সাত যাত্রী আহত হন।”
আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি আমিনুল।
