লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
লক্ষ্মীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি ও তার ছেলেসহ তিন জনের প্রাণ গেছে। আহত হয়েছেন দুইজন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মান্দারী এলাকার ঢাকা-রায়পুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মোক্তার আহমেদ জানান।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন সদর উপজেলার আবিরখিল গ্রামের ইউছুফ ও তার ১২ বছর বয়সী ছেলে ইকবাল সাকিব এবং পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান।
আহতদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মোক্তার বলেন, “সকালে জোনাকী পরিবহনের বাসটি ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে আসছিল। পথে বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই আটোর তিন আরোহী নিহত হন।”
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।
