রংপুরে বাস খাদে পড়ে নিহত ২
রংপুরে একটি বাস খাদে পড়ে সুপারভাইজার ও এক যাত্রীর প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত ১০ জন।
পীরগঞ্জ উপজেলার বিশমাইল কলাবাড়ান এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান জানান।
নিহতরা হলেন সুপারভাইজার রাজা মিয়া (৩৫) ও যাত্রী মফিদুল ইসলাম (৩০)।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
হতাহতদের বাড়ি নীলফামারী জেলায় বলে পুলিশ জানিয়েছে।
এসআই হাফিজুর রহমান বলেন, সকালে আল-রিয়াদ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে নীলফামারীর দিকে যাচ্ছিল।
“পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান তিনি।
