বাগমারায় ছাত্রীর অশ্লীল পোস্টার, বাদীর বাড়িতে হামলা
রাজশাহীর বাগমারা উপজেলায় কলেজছাত্রীর অশ্লীল পোস্টার ছড়িয়ে চাঁদা দাবির মামলা করার পর বাদীর বাড়ি ও সাক্ষীর ওপর হামলা হয়েছে।
বাগমারা থানার ওসি নাছির আহমেদ জানান, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে বৃহস্পতিবার বেলা ১টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবেদ আলীর ছেলে রাজু ও তার বন্ধু জুয়েলের বিরুদ্ধে অভিযোগ, ওই গ্রামের এক কলেজছাত্রীর ছবি বিকৃত করে এলাকায় পোস্টার ছড়িয়ে তার বাবার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
এ ঘটনায় ছাত্রীর বাবা গত ২৪ অগাস্ট বাগমারা থানায় মামলা করেন।
গ্রামের ইব্রাহীম হোসেন মামলার ১ নম্বর সাক্ষী।
ইব্রাহীম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৌরভ তদন্ত শেষে বেলা ২টার দিকে চলে যাওয়ার পর আবেদ আলীসহ পাঁচ-ছয়জন বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
“এরপর তারা তালতলি মোড়ে গিয়ে আমার ওপর হামলা চালায়। আমি সে সময় একটি মুদির দোকানে বসে ছিলাম। তারা আমাকে মারধর করে। খবর পেয়ে এসআই সৌরভ আবার আসেন। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা ও একটি হাঁসুয়া উদ্ধার করেছে জানিয়ে ওসি নাছির বলেন, “পুলিশ তদন্ত শেষে ফিরে আসার পর বাদীর বাড়িতে ও একজন সাক্ষীর ওপর হামলা হয়েছে।
“খবর পেয়ে পুলিশ সাথে সাথে সেখানে পৌঁচ্ছে হামলাকারীদের ধরতে ধাওয়া করে। তবে তারা পালিয়ে যায়। হামলার এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।”
