গাড়ির চাপ বাড়লেও জট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা বাড়লেও মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় কোনাবাড়ি, সফিপুরসহ যানজট প্রবণ এলাকা দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে যানবাহনের চাপ ও যাত্রীদের ভিড় রয়েছে। তাছাড়া ঈদযাত্রায় যানজট না হলেও গাড়ি সংকট রয়েছে।
গাড়ি কম ও ভাড়া বেশি হওয়ায় অনেককে বাসের ছাদে ও ট্রাকে চড়ে গন্তব্যে যেতে দেখা যাচ্ছে।
চন্দ্রায় দায়িত্বরত গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর জানান, ঈদের দুই-একদিন আগে যে রকম ভিড় থাকে সে রকম ভিড় নেই চন্দ্রায়। গাড়ির সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকায় যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
আবুল কালাম বলেন, কারখানা ছুটির পর বৃহস্পতিবার সকালে তিনি বাড়ির উদ্দেশ্যে বের হন। কিন্তু কোনো গাড়িতে (আসন না থাকায়) উঠতে না পেরে গাড়ির জন্য অপেক্ষা করছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্বরত মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজটের তথ্য নেই। বৃষ্টির কারণে শ্রীপুরে গাড়ির ধীরে ধীরে চলায় লম্বা লাইন সৃষ্টি হলেও যানজট হয়নি।
নাওজোর হাইওয়ে থানার ওসি আব্দুল হাই জানান, যানজট না থাকলেও ভোগড়া বাইপাস এবং চান্দনা-চৌরাস্তা এলাকায় রেশনিং পদ্ধতিতে গাড়ি চলতে গিয়ে এবং ঘরমুখো যাত্রী ওঠাতে গিয়ে মাঝে মাঝে গাড়ির চাপ বেড়ে যাচ্ছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষমান যাত্রীর সংখ্যা বাড়তে থাকে বলেও জানান তিনি।
