শ্রীপুরে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তালগাছ
বজ্রপাতে প্রাণহানি রোধে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন তালের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল জলিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন।
চেয়ারম্যান জলিল বলেন, “বজ্রপাতে বাংলাদেশে প্রাণহানির ঘটনা দিন দিন বাড়ছে। তালগাছ বজ্রপাত প্রতিরোধসহ প্রাণহানি কমাতে সহায়ক ভূমিকা পালন করে।
“এছাড়া তালগাছ দীর্ঘদিন জীবিত থেকে মানুষের উপকার করে। তালগাছ থেকে ঘর নির্মাণের মূল্যবান কাঠ ও জ্বালানি পাওয়া যায়। এ গাছ রস ছাড়াও কাঁচা ও পাকা সুস্বাদু ফল দিয়ে থাকে।”
ইউএনও রেহেনা আকতার জানান, শ্রীপুর একটি বৃষ্টিপ্রবণ এলাকা। বৃষ্টিপাতের সময় এ এলাকায় বজ্রপাতও হয় প্রচুর। বজ্রপাতে মানুষসহ অনেক পশু-পাখি মারা যায়। ক্ষতি হয় মূল্যবান গাছ-পালারও।
তিনি বলেন, “বিশেষজ্ঞদের মতে, উঁচু গাছেই বেশি বজ্রপাত হয়। উঁচু গাছ থাকলে এলাকায় বজ্রপাতে প্রাণহানি লাঘব হবে। বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য উঁচু তালগাছই সবচেয়ে কার্যকর স্থানীয় প্রযুক্তি।”
উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের রাস্তার দুই ধারে, গ্রামীণ মেঠোপথে তালগাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এর ফলে শুধু প্রাণহানিরোধই নয়, পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে।”
ঈদের আগে এক হাজার চারা রোপণ করা হবে বলে তিনি জানান।
উদ্বোধন অনুষ্ঠানে প্রকৌশলী মো. সুজায়েত হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।
