সিলেটে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক দিনমজুরকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ এম জুলফিকার হায়াত মঙ্গলবার পাঁচ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন - উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মজম্মিল আলীর ছেলে শামসুল ইসলাম, মনিরুল ইমলাম, একই এলাকার জমির মিয়ার ছেলে তাজ উদ্দিন, বশির উদ্দন, ইছাক আলীর ছেলে ময়নুল ইসলাম ও সেবুল মিয়া।
রায় ঘোষণার সময় সবাই আদালতের কাঠগড়ায় ছিলেন।
আদালতের অতিরিক্ত পিপি ফখরুল ইসলাম মামলার বরাতে বলেন, পূর্ববিরোধের জেরে ২০১২ সালের ২৪ মে খুন হন কাদিপুর গ্রামের সুনুর আলীর ছেলে দিনমজুর ওলিউর রহমান জলিল (২১)।
এ ঘটনায় ওই দিনই নিহত জলিলের মা নুরেছা বেগম ছয়জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় আদালতে।
