সিলেটে ২ গরুর হাটের আধিপত্য নিয়ে সংঘর্ষ
সিলেট নগরীতে পাশাপাশি দুটি গরুর হাটের ইজারাদারদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিমান বন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, সোমবার সন্ধ্যায় শাহী ঈদগাহের কাছে খেলার মাঠের গরুর হাট ও লালটিলা এলাকার গরুর হাটের ইজারাদারের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।
লাল টিলা গরুর হাটের ইজারাদার এনাম আহমদের বলছেন, তারা সিলেট সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়ে নিয়ম মেনে হাট বসিয়েছেন।
“কিন্তু খেলার মাঠের হাটের লোকজন হঠাৎ এসে আমাদের গরুর হাটে হামলা চালিয়েছে।”
তবে খেলার মাঠের হাটের ইজারাদার আমিনুর রহমান পাপ্পু পাল্টা অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, “আমাদের পক্ষের কোনো লোক হামলা করেনি। তাদের হাটটি অবৈধ। তারা আমাদের হাটের গরুর ট্রাক ছিনিয়ে নিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে আমাদের বেশ কজন লোক আহত হয়েছেন।”
তিনি আহতদের নাম জানাতে পারেননি।
সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
ওসি মোশাররফ বলেন, সংঘর্ষকালে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেয়।
সংঘর্ষের খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
