বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রথম হস্তি শাবকের জন্ম
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি হাতির বাচ্চার জন্ম হয়েছে।
রোববার রাত পৌনে ১১টার দিকে হস্তি শাবকটির জন্ম হয়। এ নিয়ে এ পার্কে হাতি পরিবারে সদস্য সংখ্যা সাত হল।
পার্ক কর্তৃপক্ষ বলছে, বঙ্গবন্ধু সাফারি পার্কে হাতি শাবকের জন্মের ঘটনা এটাই প্রথম।
পার্কের ভেটেরিনারি সার্জন মো.নিজাম উদ্দিন চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে ২০১৩ সালে ছয়টি বন্যহাতি সাফারি পার্কে এনে পোষ মানানো হয়। এদের মধ্যে দুটি পুরুষ ও চারটি মাদী।
“চার বছর পর প্রথম হাতি শাবক প্রসব করল। এখন সাফারি পার্কে হাতি পরিবারের সদস্য সংখ্যা হলো সাতটি।”
এর আগে দেশের কোন পার্ক বা চিড়িয়াখানায় আবদ্ধ পরিবেশে হস্তিশাবক প্রসবের তথ্য নেই বলে জানান তিনি।
“শাবকটির প্রসবকালীন ওজন ছিল প্রায় ৬০ কেজি।”
একটি পূর্ণবয়স্ক হাতি সাধারণত চার হাজার থেকে পাঁচ হাজার কেজি ওজন হয়। ১৮-২০ বছরে হাতি প্রজনন সক্ষম হয়।
এদের গর্ভকালীন সময় ২০-২২মাস। সাধারণত চার-পাঁচ বছর পর একটি করে বাচ্চা প্রসব করে।
শাবক সাধারণত সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। হাতির গড় আয়ু ১০০ বছর।
নিজাম বলেন, “বাচ্চাসহ মা হাতিটি আলাদা করে রাখা হয়েছে। বাচ্চাটি মায়ের তত্ত্বাবধানে রয়েছে। মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে; সেখানে পর্যটকদের যাতায়ত সীমিত রাখা হয়েছে।”
মা হাতিটিকে প্রতিদিন ২০ কেজি কলা গাছ, ৫০ কেজি মিষ্টি কুমড়া, ৫০ কেজি আখ, ১০ কেজি গাজর, তিন কেজি জাউসহ তৃণ জাতীয় খাবার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, প্রায় চার বছর পর থেকে বাচ্চা হাতি প্রাকৃতিক খাবার খাওয়া শুরু করে। মা হাতি যাতে অপুষ্টিতে না ভোগে তার জন্য তাকে প্রয়োজনীয় খাবার ও ওষধ সরবরাহ করা হচ্ছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, কোনো চিড়িয়াখানা বা সাফারি পার্কের আবদ্ধ পরিবেশে হাতির শাবক প্রসবের ঘটনা এদেশে বিরল।
মা হাতি ও বাচ্চা দুটোই সুস্থ আছে। তাদের বিশেষ পরিচর্যায় রাখা হয়েছে বলে জানান তিনি।
