২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় কলেজছাত্রীর আপত্তিকর পোস্টার সাঁটিয়ে চাঁদা দাবি

রাজশাহীর বাগমারায় এক যুবকের সঙ্গে ছবি জোড়া দিয়ে পোস্টার সাঁটিয়ে এক কলেজছাত্রীর পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 07:34 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের এ ঘটনায় বাগমারা থানায় অভিযোগ দেওয়া হলেও গত তিন দিনেও পুলিশ মামলা রেকর্ড করেনি বলে অভিযোগ ওই ছাত্রীর পরিবারের।

মেয়েটির বাবা বলেন, এক সপ্তাহ আগে কম্পিউটারের মাধ্যমে এক যুবকের সঙ্গে তার মেয়ের ছবি জোড়া দিয়ে বাড়িতে পাঠানো হয়। এরপর তাকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে। নাহলে ওই ছবি পোস্টার করে এলাকায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

“তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় গত ২৩ অগাস্ট রাতে এলাকায় তারা পোস্টার সাঁটিয়ে দেয়। পরদিন সকালে তারা ওই পোস্টারের ফটোকপি তালতলি মোড়ে বিলি এবং ফেইসবুকেও ছড়িয়ে দেয়।”

তিনি বলেন, “কলেজে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা মেয়ের বান্ধবীর সঙ্গে তোলা একটি ছবিতে বান্ধবীর জায়গায় ওই যুবকের ছবি লাগিয়ে হয়রানি করছে।”

এ ঘটনায় গত ২৪ অগাস্ট তিনজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করেনি বলে অভিযোগ করেন তিনি।

তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে দাবি করে বাগমারা থানার ওসি নাছির আহমেদ বলেন, তদন্তে  সত্যতা পাওয়া গেছে মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।