নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলের কালিয়া উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের হামলাকারীরা।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চাচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কালিয়া থানার এস আই শিমুল দাস।
নিহত আজমল ফকির (২০) চাচুড়ী ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের মান্নান ফকিরের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে এস আই শিমুল বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে চাচুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের সঙ্গে একই এলাকার মেলজার ভূইয়ার বিরোধ চলে আসছিল।
“নিহত আজমল ফকির ছিলেন সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের সমর্থক। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।”
এসআই শিমুল জানান, সন্ধ্যায় আজমল ফকির বাড়ি থেকে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। আটলিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফতাব উদ্দিন রনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
“অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে।”
