কক্সবাজারে ৪৪ হাজার ইয়াবাসহ তিনজন আটক
কক্সবাজারের উখিয়ায় একটি পিকআপ ভ্যান থেকে ৪৪ হাজার ইয়াবা উদ্ধারের পর চালকসহ তিনজনকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভোরে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা চৌধুরী পাড়া থেকে তাদের আটক করা হয় বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান।
এরা হলেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাইট্যং পাড়ার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মুন্না (২০), একই এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (১৯) ও রামু উপজেলার উখিয়ার ঘোনা এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ সাগর (২৫)।
ওসি খায়ের বলেন, “ভোরের দিকে চৌধুরী পাড়ায় সন্দেহভাজন গতিবিধির একটি পিকআপ ভ্যানকে আটক করে স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪ হাজার ইয়াবা জব্দ করে।”
পরে গাড়ির চালকসহ তিনজনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
