কক্সবাজারে ২ বন্দুকসহ ইউপি সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি বন্দুকসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুতুবদিয়া থানার ওসি মো. দিদারুল ফেরদৌস জানান, শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মোহাম্মদ ইসহাক ( ৩৮ ) উপজেলার লেমশিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
ওসি দিদারুল বলেন, অস্ত্র মজুদের খবর পেয়ে পুলিশের একটি দল ওই ইউনিয়নের সাগর উপকূলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া দিয়ে ইসহাককে ধরে ফেলে।
“ইসহাকের কাছে দেশে তৈরি দুটি বন্দুক ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে। ইসহাক চিহ্নিত জলদস্যু। তার নেতৃত্বে একটি বাহিনী বঙ্গোসাগরের কুতুবদিয়া উপকূলে দস্যুতাসহ বিভিন্ন অপরাধ করে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে কুতুবদিয়া থানায় পাঁচটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে। ”
তার বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি দিদারুল।
