২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাত ঠেকাতে গাইবান্ধার চরে নির্ঘুম রাত

গাইবান্ধায় বন্যার পর ডাকাতের উৎপাতে নির্ঘুম রাত কাটাচ্ছে নদীবর্তী চরাঞ্চলের মানুষ।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 10:53 AM

Updated : 19 Aug 2022, 05:22 PM

বিভিন্ন এলাকার লোকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বন্যায় গুরুতর ক্ষতিগ্রস্ত এসব মানুষের এখন একমাত্র সম্পদ দু-চারটা গরু-মহিষ। ডাকাতরা সেগুলোই নিয়ে যাচ্ছে ট্রলারে করে।

ডাকাতের গুলিতে হতাহতের ঘটনাও ঘটছে। গত সোমবার সুন্দরগঞ্জ উপজেলায় ডাকাতের গুলিতে সাতজন আহত হয়। বুধবার ফুলছড়ি উপজেলায় ডাকাতের গুলিতে এক কৃষক ও জনতার মারধরে এক ডাকাতের মৃত্যু হয়।

ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উত্তর খাটিয়ামারী চরগ্রামের মোসলেম আলী বলেন, “ডাকাতরা দলবান্দি আসিয়া হামাক মারিধরি গোলোত থাকি গরু নৌকাত তুলি নিয়্যা যায়।

“মানা করলি আন্দাপাতালে হামাক আরো মারধর করে। ওমার (ডাকাতের) কোনো মায়াদয়া নাই। গরুর সাথে সাথে ওমারা বউ-বেটিরও ক্ষতি করে ভাই, মাও-বোন কিছুই মানে না।”

এই পরিস্থিতিতে তারা সারারাত নদীর পাড়ে পাহারা দেন বলে জানান।

“বাধ্য হয়্যা সারারাত নদীর পাড়োত কাটাই। নৌকার শব্দ শুনলে হইহুল্লোর করি উটি। ডাকাতের নাও যাতে চরোত নাগাব্যার না পায়।”

একই গ্রামের কলেজপড়ুয়া মোকছেদ আলী বলেন, “বন্যা আর নদীভাঙন আমাদের নাজেহাল করেছে। চরের মানুষের এখন একমাত্র সম্বল গরু। ডাকাতের অত্যাচারে সেই গরু নিয়ে আমরা এখন মহা দুশ্চিন্তায়।

“প্রতি রাতে নদীতে ডাকাতের নৌকা আসে। রাত জেগে পাহারা দেয়ার কারণে তারা চরে ঢুকতে পারে না। চরাঞ্চলের মানুষের বেঁচে থাকার অবলম্বন গরুর প্রতি ডাকাতের চোখ পড়ায় নির্ঘুম রাত কাটছে আমাদের।”

ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন জালাল চরাঞ্চল মানুষের একমাত্র সম্পদ গরু-মহিষ ও জানমাল রক্ষায় নদীতে পুলিশের টহল বাড়ানোর দাবি করেছেন।

তিনি বলেন, কোরবানির ঈদ সামনে রেখে চরের মানুষ বাজারে বিক্রির জন্য গরু পালন করেন।

“এ বছর বন্যার কারণে নৌপথে সহজ যাতায়াতের সুযোগ এবং গ্রামগুলোয় কম মানুষ থাকায় নৌডাকাতদের তৎপরতা বেড়েছে। গ্রামপুলিশ ও চরের মানুষ রাত জেগে পাহারা দিচ্ছে। তার পরও শেষরক্ষা হচ্ছে না।”

ফুলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর জানান, তার ইউনিয়নের খোলাবাড়ি চরের আদর্শ গ্রামে ডাকাতরা একজনকে গুলি করে হত্যার পর ১০টি গরু লুট করে নিয়ে যায়।

“পরে তারা আবারও হামলা করে। কিন্তু গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটে। গ্রামবাসী ও গ্রামপুলিশের পাশাপাশি নদীতে পুলিশি টহল বৃদ্ধি করলে ডাকাতের হামলা কমে যাবে বলে চরাঞ্চলের মানুষ মনে করে।”

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, ডাকাতিরোধে এলাকাগুলোয় পুলিশি টহল বাড়ানো হয়েছে। পুলিশের তৎপরতায় ইতঃপূর্বে লুট হওয়া ২৩টি গরু উদ্ধারও করা হয়েছে।

পুরনো খবর:

গাইবান্ধায় ডাকাতের হামলা, নিহত ২