ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে তল্লাশি, আটক ৩
গাজীপুরের শ্রীপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি বাড়িতে তল্লাশির সময় তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ইন্দ্রবপুর গ্রামের আব্দুল হালিমের বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানান শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন।
আটকরা হলেন গাজীপুর সদর উপজেলার আউচপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে সজিব, বরগুনার আমতলী উপজেলার তারকাটা গ্রামের ফজলুল হকের ছেলে মেহেদী হাসান ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভুইয়ারহাট এলাকার আব্দুল কাদেরের ছেলে শাহিন।
ওই গ্রামের কাইয়ুম মোল্লা বলেন, ভোরে একটি মাইক্রোবাসে করে এসে বাড়িতে মাদক রয়েছে অভিযোগ তুলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা চিৎকার করে আশপাশের লোকজনের সাহায্য চায়।
“পরে ডিবি পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা দৌড়ে পালানোর সময় গ্রামবাসী তাদের ধাওয়া দিয়ে আটক করে।”
এসআই এখলাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, ডিবি পুলিশ পরিচয়ধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
