চারুকলা বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ রাবিতে
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারু ও কারুকলাকে অবমূল্যায়নের অভিযোগ তুলে বিষয়টিকে বাধ্যতামূলক করার দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
এই দাবিতে মঙ্গলবার দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন।
এর আগে চারুকলা প্রাঙ্গণ থেকে মুখে কালো কাপড় বেঁধে একটি প্রতিবাদ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।
গত ২৪ মার্চ জুনিয়র স্কুল সার্টিফিকেট ও এসএসসি পর্যায়ে পাঁচটি বিষয় কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
জেএসসিতে আগামী শিক্ষাবর্ষ এবং এসএসসিতে ২০১৯ সাল থেকে শিক্ষার্থীরা যথাক্রমে তিনটি ও দুটি বিষয়ে কম পরীক্ষা দেবে।
জেএসসির বিষয়গুলো হচ্ছে- চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। আর ২০১৯ সালের এসএসসিতে শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পরীক্ষা বাতিল করা হয়েছে।
মানববন্ধনে গ্রাফিক ডিজাইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিক বলেন, একজন শিশু যখন কিছুই পারে না সে কিন্তু একটা ফুল আঁকতে চায়, আম আঁকতে চায়। কিছু না পারা শিশুও ছবি দেখে দেখে শেখে।
“তাছাড়া শিক্ষার মান ও চাকুরির বিষয়ে জটিলতার সম্মুখীন হতে হবে। কোনো শিক্ষাব্যবস্থায় শূন্যতা থাকতে পারে না। অনার্স কিংবা মাস্টার্স করবে অথচ মাধ্যমিক বা প্রাথমিক থেকে কোনো ধারণা রাখার ব্যবস্থা রাখা হবে না তা ঠিক নয়। তাই আমরা চারুকলা শিক্ষাকে পূর্বের অবস্থায় বহাল রাখার দাবি জানিয়েছি। ”
মানববন্ধনে বক্তব্য দেন- চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী, চারুকলা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী অনিক, ইমতিয়াজ বুলবুল, সুব্রত ইয়াসমিন প্রমুখ। এছাড়া শতাধিক শিক্ষার্থী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
গত নভেম্বরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, পাবলিক পরীক্ষার সময় চাপ কমাতে শিক্ষাবিদরা এক কর্মশালায় বিষয় কমানোর সুপারিশ করেছেন।
এসএসসি পর্যায়ে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা, এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোকে পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে বিদ্যালয়ে নিচু শ্রেণিতে ধারাবাহিক সেগুলো পড়ানোর সুপারিশ এসেছে ওই কর্মশালায়।
