নড়িয়ায় পদ্মায় ট্রলার ডুবে নিখোঁজ ৩
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পীরের দরবার থেকে ফেরার পথে পদ্মায় ট্রলার ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছে।
সুরেশ্বর নৌপুলিশের এসআই আলাউদ্দিন আসলাম জানান, উপজেলার ঈশরকাঠি এলাকায় বৃস্পতিবার সকালে ট্রলার ডুবির খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজদের খোঁজে নেমেছে।
স্বজনদের দেওয়া তথ্যমতে নিখোঁজরা হলেন - জাজিরা উপজেলার উত্তর ডুবলদিয়া গ্রামের জবেদ আলী আকনের স্ত্রী শিরিন বেগম (৬০), জাজিরা ইউনিয়নের হাওলাদারকান্দি গ্রামের ইব্রাহিম খালাশির ছেলে রুমান (১৫) ও আকনকান্দি গ্রামের ট্রলারচালক দেলোয়ার হোসেন হাওলাদারের মেয়ে আয়েশা (৩)।
ট্রলারের যাত্রী আবদুস সোবহান বলেন, বুধবার বিকালে তারা জেলার জাজিরা উপজেলার উত্তর ডুবলদিয়া ঘাট থেকে ১৬ জন নারী-পুরুষ ও শিশু ট্রলারে করে নড়িয়া উপজেলার সুরেশ্বর মজিদ শাহ পীরের দরবারে যান।
“সেখান থেকে বৃহস্পতিবার সকালে বাড়ির উদ্দেশে রওনা হই। পথে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠিতে ট্রলারের তেল ফুরিয়ে যায়। ট্রলারচালক দেলোয়ার তীরে ট্রলার বেঁধে বাজারে যান তেল আনতে। এ সময় পাড় ধসে গেলে স্রোতের টানে ট্রলার ডুবে যায়। আমরা ১৩ জন সাঁতরে তীরে উঠলেও তিনজন নিখোঁজ হয়।”
দুর্ঘটনায় পড়া ট্রলারচালক দেলোয়ার হাওলাদার একই তথ্য দিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে। তার মেয়েসহ তিনজন নিখোঁজ রয়েছে বলে তিনি জানিয়েছেন।
নিখোঁজ শিরিন বেগমের ছেলে সেলিম আকন বলেন, তার মা ওই ট্রলারে ছিলেন। তিনি তাকে খুঁজে পাচ্ছেন না।
তিনজন নিখোঁজের কথা শুনেছেন জানিয়ে এসআই আলাউদ্দিন বলেন, “বেলা ২টা পর্যন্ত ট্রলার ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করতে পারিনি। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড স্রোতে তারা অনেক দূরে ভেসে গেছে।”
নিখোঁজদের সন্ধানে খুলনা থেকে ডুবুরি দল আসছে বলে জানিয়েছেন শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবদুর রহমান।
তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছি। এখনও খুলনা থেকে ডুবুরি আসেনি। ডুবুরি আসার পর উদ্ধারকাজে জোর তৎপরতা চলবে।”
