টাঙ্গাইলে কলেজ ছাত্র হত্যায় ১২ জনের ফাঁসির রায়
টাঙ্গাইলে তিন বছর আগে কলেজছাত্র রাজন সরকারকে হত্যার দায়ে ১২ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
বিশেষ জেলা জজ ওয়াহিদুজ্জামান শিকদার মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।
সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া ১২ আসামির মধ্যে সাইদুল, মোমিন, নিজাম, আবু বক্কর, হানু, সিরাজ, ওহাব ও বাবু রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আর মজিদ প্রামাণিক, আব্দুল মজিদ, মজনু ও নুরুল ইসলাম শুরু থেকেই পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন জানান, ভুয়াপুরের গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের রাজনের বাবা লাল মিয়া সরকারের সঙ্গে স্থানীয় চুনু মিয়ার জমির বিরোধ ছিল।
“এই বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে লোহার রড ও শাবল দিয়ে মাথায় আঘাত করে রাজনকে আহত করেন আসামিরা। তাকে প্রথমে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।”
পরদিন রাজনের বাবা লাল মিয়া ভুঞাপুর থানায় ১৮ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে থানার পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদালতে। পুলিশ আটজনকে গ্রেপ্তার করে।
মামলায় ১২ জনের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবী নাজিম বলেন, আশা করি উচ্চ আদালতে বহাল থাকবে।
রাজনের মা শাহিদা বেগমও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লার কাছে অনেক শুকরিয়া। আশা করি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।
“আর আমার বুকের ধন যেভাবে কেড়ে নিয়েছে, এমনটা যেন আর কারও বেলায় না হয়।”
