সেইফ হোমে যাবে বগুড়ার সেই নির্যাতিত কিশোরী
বগুড়ায় ধর্ষণের পর মাথা ন্যাড়া করে দেওয়া সেই কিশোরীকে সেইফ হোমে ও তার মাকে ভিক্টিম সাপোর্ট সেন্টারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে বগুড়া শিশু আদালতের বিচারক এমদাদুল হক এ আদেশ দেন বলে জানান বিশেষ পিপি আমানুল্লাহ।
তিনি বলেন, হাসপাতাল থেকে ছাড়ার পর কিশোরী, তার মা ও বাবাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের সেইফ হোমে পাঠানোর আবেদন করা হলে মা ও মেয়ে আপত্তি জানান।
“আপত্তির পর বিচারক ওই কিশোরীর বাবার কাছে জানাতে চান তিনি মেয়ের নিরাপত্তা দিতে পারবেন কি না। জবাবে তিনি পারবেন না বলে জানালে বগুড়ার জেল সুপারের মাধ্যমে মেয়েকে সেইফ হোমে ও মাকে ভিক্টিম সাপোর্ট সেন্টারে পাঠানোর আদেশ দেন বিচারক।”
তবে তারা বাইরে নিরাপদ অনুভব করলে যেকোনো সময় চলে আসতে পারবেন বলেও আদেশে বলা হয়েছে।
এর আগে সকালে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পান ওই কিশোরী। সেখান থেকে তাকে আদালতে নেওয়া হয়।
আদালতে নেওয়ার আগে মেয়েটি বলেন, “আমি সেফ হোমে যাব না। সেফ হোমও একটা জেলখানার মত। আমি তো অপরাধ করিনি যে জেলখানার মত আবদ্ধ থাকব।
“আদালত থেকে আমাদের বাসায় অথবা তারপর যেখানে ভর্তি করে দেওয়া হবে সেই কলেজের হোস্টেলে কিংবা অন্য কোনো জায়গায় নিরাপত্তা দিয়ে রাখা হোক “
বগুড়ায় থাকবেন না বলেও জানান তিনি।
গত ২৮ জুলাই পুলিশি নিরাপত্তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার আগে মেয়েটির মা থানায় মামলা করেন, যাতে জাতীয় শ্রমিক লীগ বগুড়া শহর শাখার আহ্বায়ক তুফান সরকারসহ ১০ জনকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, এবার এসএসসি পাস করা মেয়েটিকে ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে গত ১৭ জুলাই ও পরে কয়েকবার ধর্ষণ করেন তুফান সরকার। এ কাজে তাকে সহায়তা করেন তার কয়েকজন সহযোগী।
ঘটনা জানাজানির পর তুফানের স্ত্রী আশা ও তার বোন কাউন্সিলর রুমকিসহ ‘একদল সন্ত্রাসী’মা-মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের পর নাপিত দিয়ে মাথা ন্যাড়া করে দেয়।
মামলার পর ঘটনাটি গণমাধ্যমে এলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়; এরপর তুফানকে সংগঠন থেকে বহিষ্কার করে জাতীয় শ্রমিক লীগ।
তুফানসহ মামলার এজাহারভুক্ত ১০ আসামির মধ্যে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তুফানের সহযোগী আতিক (২৩) ও মুন্না এবং নরসুন্দর জীবন রবিদাস আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ গত ৪ অগাস্ট মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়ে বলেন, সেখানে ধর্ষণের আলামত মেলার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওই কিশোরীকে আদালতে হাজির করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী তার থাকা ও নিরাপত্তার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
