২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বাড়ি যাওয়া হলো না লাইলীর

মায়ের সঙ্গে ঈদ করতে বাড়ি যাওয়ার কথা ছিল লাইলী বেগমের। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 05:09 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

শুক্রবার রাজধানীর বনশ্রীর জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে গৃহকর্মী লাইলীকে ঝুলন্ত লাশ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সমন্বয়টারী গ্রামে লাইলীর বাবার বাড়ি। স্বামীর বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্যকাশিপুর গ্রামে।

প্রায় দেড় বছর আগে স্বামী নজরুল হক কাজের সন্ধানে ভারতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন। বর্তমানে ভারতের কোচবিহার জেলা কারাগারে বন্দি রয়েছে বলে জানান লাইলীর বড় বোন লাভলী বেগম।

তিনি বলেন, অভাবের তাড়নায় গত বছর ননদ জাহানারার মাধ্যমে দুই সন্তানসহ কাজের সন্ধানে ঢাকায় যায় লাইলী। সর্বশেষ সাত মাস আগে কুড়িগ্রামে এসেছিল। 

“রোজার ঈদে বাড়ি আসতে না পারায় বাচ্চাদের নিয়ে কোরবানির ঈদে বাড়ি আসবে বলে মোবাইলে জানায় লাইলী।”

লাভলী বলেন, গত বৃহস্পতিবার লাইলীর সঙ্গে ফোনে কথা হয়। তখন জানিয়েছিল- ছয় হাজার টাকায় বনশ্রীর ওই বাড়িতে কাজ করে। বেশ কয়েক মাস ধরে বাড়িওয়ালা তাকে ঠিকমতো টাকা-পয়সা দেয় না।

“ফলে নিজের বাড়ির ভাড়াও বাকি পড়ছিল। আমার সঙ্গে পরামর্শ করে শুক্রবার বকেয়া টাকা চাইতে গিয়েছিল সে।”

লাইলীর মা আলেয়া বেগম বলেন, কিছুদিন আগেই মেয়ের সাথে কথা হয়েছে। বলেছিল- ‘মা বকেয়া মাসিক বেতন পাইলে এবার সবাই মিলে দাসিয়ারছড়ায় কোরবানির ঈদ করব’।

 লাইলীর মৃত্যুর ঘটনায় দুইটি মামলা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।