কেরানীগঞ্জে গৃহবধূ খুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
উপজেলার হাসনাবাদ এলাকায় শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মনসুর আহম্মেদ জানান।
নিহত আসমা বেগম (৩২) ওই এলাকার মনির মোল্লার স্ত্রী। ঘটনার পর থেকে মনির পলাতক রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনির তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে হাসনাবাদ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
“পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার বিকালে মনির ও আসমার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মনির ছুরি দিয়ে আসমার পিঠে কুপিয়ে জখম করেন।”
“এসময় আসমার চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়; পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন।”
এসআই বলেন, আসমার মৃত্যুর খবর শুনে হাসপাতালে লাশ রেখেই মনির পালিয়ে যান।
“পরে খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। তার পিঠে দুটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
