২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্বাসে আন্দোলন থেকে সরলেন জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভবন ভাংচুরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলা তুলে নেওয়ার আশ্বাসে আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 12:14 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়।

উপ-উপাচার্য আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে আলোচনায় একটি যৌক্তিক ও সম্মানজনক সমাধান হয়েছে।”

প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান নাদিম।

তিনি বলেন, “প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু হবে। তাই আমরা আমাদের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছি।”

আলোচনায় শিক্ষার্থীদের পক্ষে ২০ জন প্রতিনিধি অংশ নেন।

আর প্রশাসনের পক্ষে ছিলেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, দুই উপ-উপাচার্য আবুল হোসেন ও আমির হোসেন, ট্রেজারার মনজুরুল হক, প্রক্টর তপর কুমার সাহা, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

মামলা প্রত্যাহারের দাবিতে গত চার দিন ধরে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই সভায় বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনাবলি নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির একটি যৌক্তিক ও সম্মানজনক সমাধান হয়েছে।

গত ২৬ মে ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর উপাচার্য ভবনে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসন ৫৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে। গ্রেপ্তার হয় ৪২ শিক্ষার্থী। পরে তারা জামিন পান।

মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে ১৫ জুলাই অনশনে যান আট শিক্ষার্থী।

এর তৃতীয় দিনে উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়ে অনশন ভাঙান। কিন্তু মামলা প্রত্যাহারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।