২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজানগরে প্রতিপক্ষের হামলায় ৮ আ. লীগ নেতা-কর্মী আহত

পাবনার সুজানগরে প্রতিপক্ষের হামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আটজন আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 12:26 AM

Updated : 19 Aug 2022, 05:13 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর বাজারে এই হামলা হয়।

আহতদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, উপজেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, আব্দুস সালাম ও আব্দুল আলীম।

সোহেল রানাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শাহিন জানিয়েছেন।

শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে একটি খোলা জায়গায় বসে তারা বৈঠক করছিলেন। ওই সময় সশস্ত্র অবস্থায় অতর্কিতভাবে আবুল হাশেমেরে নেতৃত্বে মিলন, লিটন, নাসিম, সেলিম, বাবু শফিকসহ একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।

“হামলাকারীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল ওয়াহাবের কর্মী সমর্থক। আমি নিজেও মারাত্মক জখম হয়েছি। সুস্থ হওয়ার পর মামলা করা হবে।”

পুলিশকে বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

সুজানগর থানার ওসি ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার অভ্যন্তরীণ বিরোধের জের ধরে শাহিনুজ্জামান শাহিন গ্রুপের সক্রিয় কর্মী আব্দুস সালামকে মারপিট করেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব গ্রুপের লোকজন। এ ঘটনায় আবুল হাশেমকে প্রধান আসামি করে থানায় একটি মামলা দায়ের করে আব্দুস সালাম। মামলার পর পরই পুলিশ আবুল হাশেমকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

“আজ বৃহস্পতিবার বিকালে জামিনে মুক্ত হয়ে আবুল হাশেমেরে নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সুজানগর বাজারে সালাম ও তারা লোকজনের উপর হামলা চালায়।”

আহতদের মধ্যে সোহেল রানার অবস্থা আশংকাজনক বলে জানান ওসি।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সুজানগর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। মামলা দায়েরের পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল ওয়াহাব বলেন, “বিষয়টি আমি জানি না। ওরা আমার লোক নয়।”