ডিসি-এসপিকে নয়, বলব সেলিম ওসমানকে: আইভী
নগরীর যে কোনো সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসন কিংবা পুলিশকে না বলে সংসদ সদস্য সেলিম ওসমানকে বললে বেশি কাজ হয় বলে কটাক্ষ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আইভী বলেন, “যেই শহরে হাই কোর্টের আদেশে হয় না, সেই শহরে আমার বড় ভাই এমপি সেলিম ওসমানের নির্দেশেই রাতারাতি নগরীর নিতাইগঞ্জে বঙ্গবন্ধু সড়ক থেকে ট্রাক স্ট্যান্ড উঠে যায়।
“এখন থেকে যে কোনো সমস্যা সমাধানে ডিসি-এসপি সাহেবকে বলতে চাই না, সেলিম ওসমান নির্দেশ দিলে নগরীর হকার সমস্যা থাকবে না।”
তিনি নগরীর চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত হকার সমস্যা সমাধানে সাংসদ সেলিম ওসমানের কাছে সমাধান চান।
তানভীর মোহ্ম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে সেলিম ওসমানকে দাঁড়ানোর আহ্বানও জানান আইভী।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ষষ্ঠ তলায় ‘বীর প্রতীক গোলাম দস্তগীর এমপি’ ফ্লোরের কাজের নাম ফলক উম্মোচন করেন সেলিনা হায়াৎ আইভী ও তারাব পৌর মেয়র হাছিনা গাজী।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তারাব পৌর মেয়র হাসিনা গাজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।
