২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ধর্ষণ মামলায় রিকশা চালকের যাবজ্জীবন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় এক রিকশাচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 05:13 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

বৃহস্পতিবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন পাঁচ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত মো. তৈয়ব আলী নালিতাবাড়ীর বনকুড়া গ্রামের ইমান আলীর ছেলে।রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

একইসঙ্গে তৈয়ব মেয়েটিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে বলে আদেশ দেন বিচারক।

মামলার নথি থেকে জানা যায়, প্রবিবেশী নয় বছর বয়সী প্রতিবন্ধী শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ২০১২ সালের ১ জুন দুপুরে  ধর্ষণ করে তৈয়ব।

পরে মেয়েটির বাবা বাদী হয়ে ৩ জুন নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।ওই বছরের ১৩ জুন তৈয়বকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত শেষে নালিতাবাড়ী থানার এসআই মোখলেছুর রহমান ২০১২ সালের ১৭ জুলাই তৈয়বের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।  

এ মামমায় আট জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি গোলাম কিবরিয়া বুলু জানান।