চিরনিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন একাত্তরে সুন্দরব্ন অঞ্চলে মুক্তিবাহিনীর নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদ।
মঙ্গলবার বেলা ১২টা ১৫ মিনেটে পিরোজপুর শহরের শহীদ ফজলুল হক সড়কে নিজ বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
গত ২৮ জুলাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউদ্দিন (৬৭)। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন।
বেলা ১০টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে রাখা হয়, যেখানে সর্বস্তরের জনগণ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পুস্পার্ঘ্য অর্পণ করেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অংগ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সোমবার সন্ধ্যায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জাযাজায় পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাগেরহাট-১ আসনের সাংসদ মীর শওকত আলী বাদশা, পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম সেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্নেল তাহেরের অনুসারী মেজর জিয়াউদ্দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর সুন্দরবনে আশ্রয় নেন। পরে সুন্দরবনে সেনা অভিযানে গ্রেপ্তার হন তিনি।
আশির দশকে এইচ এম এরশাদ সরকারের সময় বেশ কিছুদিন সিঙ্গাপুরে ছিলেন এই মুক্তিযোদ্ধা। পরে দেশে নিজের এলাকায় ফিরে শুরু করেন শুঁটকির ব্যবসা। ১৯৮৯ সালে তিনি পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
একাত্তরে সুন্দরবন অঞ্চলকে শত্রুমুক্ত রাখতে নেতৃত্ব দেওয়া এই মুক্তিযোদ্ধা পরে ‘সুন্দরবন বাঁচাও’ নামে একটি অরাজনৈতিক সংগঠন তোলেন। স্থানীয়ভাবে তাকে ডাকা হতো সুন্দরবনের ‘মুকুটহীন সম্রাট’ নামে।
মৎস্যজীবীদের সংগঠন দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান জিয়াউদ্দিন সুন্দরবন এলাকায় ডাকাত নির্মূল অভিযানেও সক্রিয় ছিলেন। ২০১৩ সালে বনদস্যুদের গুলিতে তিনি আহত হন।
মুক্তিযুদ্ধকালীন সুন্দরবনের বিভিন্ন ঘটনা নিয়ে তিনি ‘সুন্দরবন সমরে ও সুষমায়’ এবং ‘মুক্তিযুদ্ধে সুন্দরবন’ নামে দুটি বইও লিখেছেন।
