২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হত্যার দায়ে ফাঁসির রায়

রাজশাহী শহরে জনি হোসেন নামে একজনকে হত্যার দায়ে তার এক প্রতিবেশীকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 02:54 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার মঙ্গলবার চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সাজাপ্রাপ্ত রতন হোসেন (২৬) পলাতক রয়েছেন। রতন রাজশাহীর শহরের বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখেরচক এলাকার সাইদুর রহমানের ছেলে।

মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রভুক্ত আরও আট আসামিকে খালাস দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ২০১৩ সালের ২৪ নভেম্বর পূর্বশত্রুতার জেরে রতন তার প্রতিবেশী জনি হোসেনকে (২৫) হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় জনির বড় ভাই বেলাল হোসেন নয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী এন্তাজুল বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই রতন পলাতক থাকলেও মামলার অন্য আট আসামি রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। তারা সবাই রতনের নিকটাত্মীয়।