মারা গেলেন গৃহবধূর কলেজছাত্রী বোনও
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূর মৃত্যুর পাঁচ দিন পর তার কলেজ পড়ুয়া বোনও মারা গেছেন, যিনি ওই হামলায় আহত হয়েছিলেন।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রী শারমিন আক্তারের (১৮) মৃত্যু হয়েছে।
গত শনিবার ভুঁইগড় কড়ইতলায় স্বামী নাসির উদ্দিনের ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সাবিনা আক্তার নিহত হন বলে পরিবারের অভিযোগ।
সাবিনা আক্তার ও শারমিন আক্তার ফতুল্লার ভুঁইগড় কড়ইতলা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভুঁইগড় কড়ইতলার নুর হাসানের ভাড়া বাড়িতে পারিবারিক কলহের জের ধরে স্বামী নাসির উদ্দিন স্ত্রী সাবিনা আক্তারকে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।
“তাকে বাঁচাতে শ্যালিকা শারমিন এগিয়ে এলে তাকেও আঘাত করে। ঘটনাস্থলে সাবিনা আক্তারের মৃত্যু হয়। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় শারমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”
এই ঘটনায় এলাকাবাসী স্বামী নাসির উদ্দিনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। নিহতের বাবা গিয়াস উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
