২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় এএসআইসহ ২ পুলিশ নিহত

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 07:56 PM

Updated : 19 Aug 2022, 05:09 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার হীরামতি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুঘণ্টা পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন হাকিমপুর থানার এএসআই আব্দুল হাই সিদ্দিক (৩৫) ও কনস্টেবল আশরাফুল ইসলাম (৫০)।

হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেরা সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে পেশাগত দায়িত্ব পালনে কনস্টেবল আশরাফুলকে নিয়ে এএসআই সিদ্দিক থানা থেকে বের হয়ে দক্ষিণ পাড়ার দিকে যাচ্ছিলেন।

“হীরামতি সিনেমা হলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।”

ওসি সবুর জানান, গুরুতর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তারা মারা যান।”

এএসআই সিদ্দিক নীলফামারী সদরের দিঘলডাঙ্গীর আহমেদ আলীর ছেলে এবং আশরাফুল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা গ্রামের মৃত বজলার রহমানের ছেলে।