নবাবগঞ্জে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতরা।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নাৎ আলী জানান, মঙ্গলবার উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলার পাটক্ষেত থেকে সবুজ মন্ডল (২৫) নামে ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।
মৃত সবুজ উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের কাশিমপুর গ্রামের অজিত মণ্ডলের ছেলে। তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক জিন্নাৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্থানীয়রা পাটক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
“নিহতের শরীরে বেশ কয়েকটি ধাঁরালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।”
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান জিন্নাৎ।
