২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুখালী-মাগুরা রেলপথ নির্মাণ হবে: মন্ত্রী

ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা পর্যন্ত ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2017, 09:20 PM

Updated : 19 Aug 2022, 05:04 PM

শনিবার বিকালে মাগুরা সদর উপজেলার রামনগন স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চলতি অর্থ বছরে রেলের জন্য বাজেটে ১৬ হাজার ১৬৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে চলতি বছরেই মধুখালী থেকে মাগুরা রেলপথ নির্মাণ করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

এতে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ টি এম আব্দুল ওয়াহ্হাব, সংরক্ষিত নারী সাংসদ কামরুল লায়লা জলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ।

এর আগে মন্ত্রী মধুখালি হয়ে কামারখালী-মাগুরা প্রস্তাবিত রেল লাইনসহ সদর উপজেলার ঠাকুরবাড়িতে রেল স্টেশন স্থাপনের জন্য এলাকা পরিদর্শন করেন।

গত ২১ মার্চ মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মাগুরার উপর দিয়ে রেল লাইন নির্মাণের ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।