২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুরে অপহরণের পাঁচদিন পর প্রথম শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 06:30 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

নগরীর বোর্ডবাজারের বাদে কলেমেশ্বর এলাকার বাড়ি থেকে থেকে শুক্রবার ভোরে সাড়ে পাঁচ বছর বয়সী ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জয়দেবপুর থানার এসআই সাদেকুর রহমান জানান।

নিহত বীথি আক্তার মালয়শিয়া প্রবাসী শরীয়তপুরের জাজিরা থানার নড়িয়াবাজার এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।

স্থানীয় হাসেন আলী কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রী বীথি গত সোমবার নিখোঁজ হয় বলে পুলিশ জানায়। 

এ ঘটনায় আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বীথির নানা দুলু সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার বিকালে বীথি খেলতে বাসার নিচে নামে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।”

এক পর্যায়ে তার মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি বীথির মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দাবি করেন। পরদিন তিনি বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন বলে দুলু জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাসার নীচ তলার পেছনের দিকের টয়লেটের সানসেটে ফেলা রাখা একটি বস্তা থেকে দুর্গন্ধ পেয়ে তারা পুলিশে খবর দেন।

শুক্রবার ভোরে পুলিশ গিয়ে বস্তা থেকে বীথির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে বলে জানান দুলু।

এসআই সাদেকুর বলেন, “শিশুটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক ও লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।